জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 102 বার পঠিত
বাবার কাছে বড় ভাইয়ের বিরুদ্ধে নালিশ দিতে চাওয়ায় ১৩ বছর বয়সী কিশোর আব্দুর রাহিমকে শ্বাসরোধে হত্যার পর মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে গাজীপুরে। এ ঘটনায় নিহতের বড় ভাই ও তার এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন।
গ্রেফতাররা হলেন—নিহতের বড় ভাই আল আমিন (২৩) ও তার বন্ধু আশিক আহমেদ (২০)।
পুলিশ সুপার জানান, মোবাইল ফোন কেনার বায়না নিয়ে বাবার কাছে অভিযোগ করার কথা বলায় বড় ভাই আল আমিন ক্ষুব্ধ হন। গত ১ ফেব্রুয়ারি তিনি বাড়ির অদূরে নিয়ে গিয়ে ছোট ভাই রাহিমকে ভয় দেখানোর উদ্দেশ্যে গজারী গাছের সঙ্গে মাফলার দিয়ে বেঁধে রাখেন এবং মুখে স্কচটেপ লাগিয়ে দেন। পরে স্কচটেপ খুলে দিলে রাহিম পুরো ঘটনা বাবাকে জানিয়ে দেওয়ার কথা বললে আল আমিন তাকে হত্যার সিদ্ধান্ত নেন।
পরিকল্পনা অনুযায়ী আল আমিন তার বন্ধু আশিক ও সুমনকে সঙ্গে নিয়ে জয়দেবপুর থানা এলাকার বিকেবাড়ি পদ্মপাড়া শালবনে রাহিমকে নিয়ে যান। সেখানে তাকে মাটিতে ফেলে গলাটিপে হত্যা করা হয়। পরে ঘটনাস্থলের পাশেই গর্ত করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়। হত্যাকাণ্ডের আলামত নষ্ট করতে রাহিমের পরনের জ্যাকেট বড়চালা এলাকার তিন রাস্তার মোড়ে পুড়িয়ে ফেলা হয়।
রাহিম নিখোঁজ হওয়ার পর তার বাবা নুরুল ইসলাম জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ তদন্ত শুরু করে গত ২৬ ফেব্রুয়ারি বিকেবাড়ি পদ্মপাড়া এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পোশাক দেখে রাহিমের বাবা মরদেহ শনাক্ত করেন। পরদিন ২৭ ফেব্রুয়ারি তিনি জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় মঙ্গলবার ভোরে জয়দেবপুর থানার মির্জাপুর এলাকা থেকে আল আমিন ও আশিককে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, মো. মোজাম্মেল হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. মহাবুবুর রহমান ও লিপি রাণী সিনহা এবং জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
Posted ৪:১২ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah