জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 98 বার পঠিত
গাজীপুরে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেলা ১২টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের ছুড়িচালা এলাকায় তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দলের মাধ্যমে আহতের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলটি হোসেন আলীর পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হোসেন আলীকে নতুন একটি চায়ের দোকান চালু করার জন্য ব্যবসায়িক সহায়তাও দেওয়া হয়েছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে আমরা বিএনপি পরিবার এই ধরনের সহায়তা কার্যক্রম চালাচ্ছে। আহত হোসেন আলীকে চিকিৎসা ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যবসায়িক সহায়তা দেওয়া হয়েছে।”
আহত হোসেন আলী চিকিৎসা সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র সদস্য মমতাজ উদ্দিন রেনু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, এমট্যাবের সহ-সভাপতি শহীদুল আমিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আবেদন করেছিলেন।
Posted ৯:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah