অনলাইন ডেস্ক | বুধবার, ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 82 বার পঠিত
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে দুই বস্তা সরকারি ওষুধ পেয়েছেন স্থানীয় জেলেরা। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার তেঁতুলিয়া মসজিদসংলগ্ন এলাকায় মাছ ধরার সময় ওষুধভর্তি বস্তা দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে কয়েকজন জেলে ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরছিলেন। জাল টেনে তোলার সময় তারা মুখ বাঁধা দুটি বড় পাটের বস্তা দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা দুটি খুলে দেখে ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। পরে ওষুধভর্তি বস্তা দুটি থানায় নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, “আমি যতদূর শুনেছি বস্তায় থাকা ওষুধ ২০২৩ সালের। ওই সময় কেউ হয়তো নদীতে ফেলে দিয়েছে। ওষুধের প্যাকেট পচনশীল না হওয়ায় এবং বস্তাবদ্ধ থাকায় পানির নিচে রয়ে গেছে।”
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ওষুধের বিষয়ে পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে। তদন্তের জন্য স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা করবে।
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah