মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   105 বার পঠিত

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস, উত্তর) মো. রফিকুল হাসান গণি বলেছেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে ভাড়া নেওয়ার সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১১ মার্চ) গাজীপুরের চন্দ্রা এলাকায় সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবহন মালিকদের উদ্দেশে তিনি বলেন, যদি ভাড়া বাড়ানোর প্রয়োজন মনে হয়, তাহলে আগামী বছর সরকারের সঙ্গে বসে ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা করতে হবে এবং দাবি জানাতে হবে।

তিনি আরও বলেন, ফিটনেসবিহীন কোনো গাড়ি মহাসড়কে চলতে দেওয়া হবে না এবং দক্ষ চালক ছাড়া কোনো গাড়ি চালানো যাবে না। মহাসড়কে গাড়ি পার্কিংয়ের সুযোগ নেই। মহাসড়ক ও ফুটপাতে যেন কোনো দোকান বসতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিআইজি রফিকুল হাসান গণি বলেন, ঈদ বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব। এ সময় ঢাকা থেকে লাখো মানুষ গ্রামে যান। মাত্র তিন-চার দিনের মধ্যে প্রায় ৬০ লাখ মানুষের সড়কপথে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন। নতুন করে রাস্তা বাড়ানো সম্ভব নয়। তাই বিদ্যমান সড়কগুলো সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। ঈদযাত্রায় সাধারণত রাস্তা দখল, অনিয়মিত পারাপার, গাড়ির ফিটনেস না থাকা এবং অতিরিক্ত যাত্রী বহনের মতো সমস্যা দেখা দেয়।

অনুষ্ঠানে গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ঈদের সময় প্রায় দেড় কোটি মানুষ শহর ছেড়ে বাড়িতে ফেরেন। উত্তরবঙ্গের ২১টি জেলার মানুষ ঢাকা ও গাজীপুর হয়ে চন্দ্রা দিয়ে বাড়ি যান। নিরাপদে যাত্রীদের বাড়ি ফেরা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় ড্রোন, কুইক রেসপন্স টিম, মোটরসাইকেল টিম ও একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে।

মতবিনিময় সভায় গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন এবং বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া