জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 88 বার পঠিত
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে গাজীপুরের শ্রীপুরে জমে উঠেছে ঈদের বাজার। পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনতে ছোট-বড় বিপণিবিতান, বিভিন্ন ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্র ও মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। তবে তুলনামূলক কম দামে পোশাক কেনার জন্য অনেকেই ঝুঁকছেন ফুটপাতের দোকানের দিকে।
রবিবার (১৫ মার্চ) শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। বনলতা সুপার মার্কেট, খান মার্কেট ও রনি ফ্যাশনে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মানুষের ভিড়ে এসব মার্কেটে হাঁটাচলাই কঠিন হয়ে পড়েছে। বিক্রেতাদের হাঁকডাক ও ক্রেতাদের দরদামে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এ ছাড়া বরমী বাজারের বোরহান সরকার প্লাজা, জনতার মোড়ের জব্বার ফকির মার্কেট এবং খেয়াঘাট মসজিদ মার্কেটেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট বেচাকেনা চলছে। আশপাশের ফুটপাতের দোকানিরাও তুলনামূলক কম লাভে পণ্য বিক্রি করছেন বলে জানান বিক্রেতারা।
ক্রেতারা বলছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও সেই তুলনায় আয় বাড়েনি। ফলে নামী প্রতিষ্ঠানের পোশাক পছন্দ হলেও অনেকের পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না। এ কারণে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও এখন ফুটপাতের দোকান থেকে কেনাকাটা করছেন।
শ্রীপুর পৌর শহরের প্রধান মার্কেটগুলোতে পাঞ্জাবি-পায়জামার পাইকারি ও খুচরা বিক্রিও বেড়েছে। অস্থায়ী কাপড়ের দোকানগুলোতে পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট, টি-শার্ট, জুতা ও শিশুদের পোশাক বিক্রি হচ্ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকছে। একই এলাকায় সব ধরনের পোশাক পাওয়া যাওয়ায় দূর-দূরান্ত থেকেও অনেকেই এখানে কেনাকাটা করতে আসছেন।
মাওনা চৌরাস্তার গাউছিয়া ফ্যাশনের স্বত্বাধিকারী সেলিম শেখ বলেন, এবার তার দোকানে নারীদের পোশাকের চাহিদা বেশি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন পোশাক আনার চেষ্টা করা হচ্ছে। সীমিত লাভে পণ্য বিক্রি করেও গত বছরের তুলনায় এ বছর বিক্রি ভালো হচ্ছে বলে জানান তিনি। ঈদের আগের দিন পর্যন্ত ক্রেতাদের এমন ভিড় থাকবে বলেও আশা প্রকাশ করেন এই ব্যবসায়ী।
Posted ১:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah