অনলাইন ডেস্ক | রবিবার, ২২ মার্চ ২০২৬ | প্রিন্ট | 80 বার পঠিত
কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে কচুয়া চৌমুহনী এলাকায় গিয়ে থামে। এ সময় বাসটি ট্রেনের সামনের অংশে আটকে ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয় এবং বাসটিকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ট্রেনের যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, রেলগেটের দায়িত্বে থাকা সিগন্যালম্যানের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, দুর্ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেলক্রসিংয়ে সিগন্যাল না থাকায় বাসটি লাইনে উঠে পড়েছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাত তিনটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, এখন পর্যন্ত হাসপাতালে ১২ জনের মরদেহ আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি ১০ জনের পরিচয় এখনও জানা যায়নি।
Posted ৫:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ২২ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah