জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 120 বার পঠিত
নরসিংদী সদর হাসপাতালে দালালবিরোধী অভিযানে ৬ জনকে আটক করেছে র্যাব। স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে ২৩ মার্চ সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চক্র রোগীদের হয়রানি এবং অবৈধ অর্থ আদায় করছিল। রোগীদের নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং দালালদের কার্যকলাপ বন্ধ করতে এই অভিযান চালানো হয়। অভিযান নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
আটক ব্যক্তিরা হলেন- দত্তপাড়া এলাকার নান্টু মিয়ার ছেলে শিবলু মিয়া (৪২), উত্তর কাউরিয়া পাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে আরমান (২৫), দত্তপাড়া এলাকার আলী মিয়ার ছেলে বাবু মিয়া (৩২), কাউরিয়ার পাড়া এলাকার সাত্তার মিয়ার ছেলে সজীব মিয়া (৩২), পশ্চিম কান্দা এলাকার মৃত নুরুল হকের ছেলে রানা মিয়া (৪২) এবং পূর্ব দত্তপাড়া এলাকার জগলুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪৫)।
র্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, “সরকারি হাসপাতালগুলোতে রোগীদের সেবা প্রাপ্তিতে যেন কোনো বাধা না হয়, সে লক্ষ্যে র্যাব নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে।”
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah