অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 76 বার পঠিত
ছবি সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর পাওয়ার কারে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে, এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের কাজ চলছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah