অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 182 বার পঠিত
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল চারটার দিকে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘নড়াইল এক্সপ্রেস’-এর একটি বাস সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকট শব্দে বিস্ফোরণের পর বাসটির ইঞ্জিনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা দরজা ও জানালা দিয়ে দ্রুত নেমে যান। এতে সবাই অক্ষত থাকেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, বাসটি ছাড়ার আগে চালক গাড়ির ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলেন। তবুও মালিকদের চাপে বাসটি ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Posted ১:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah