জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 70 বার পঠিত
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, আটক করার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি তাদের হেফাজতে আছেন।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং টানা এ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah