মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   66 বার পঠিত

বগুড়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা

বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও শাজাহানপুর উপজেলার সীমান্তঘেঁষা প্রত্যন্ত গ্রাম বেড়েরবাড়ীতে নদী পারাপারে এখনো একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। বাঙালি নদীর একটি শাখার ওপর স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

গ্রামটির চারপাশে নদী ও খাল থাকলেও নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাবে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন শত শত মানুষ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য সাঁকোটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে বাঁশের সাঁকোটি প্রায়ই ভেঙে যায়। তখন গ্রামবাসীর একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় নৌকা, তাতেও থাকে জীবনের ঝুঁকি। ফলে ওই সময় গ্রামটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে কৃষিপণ্য পরিবহনে বাড়ছে খরচ ও ভোগান্তি। ধান, পাট, মরিচসহ বিভিন্ন ফসল বাজারজাত করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের।

বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দা মুক্তার পাইকার বলেন, “আমাদের গ্রামটি চরম অবহেলিত। সেতু না থাকায় দুর্ভোগই আমাদের নিত্যসঙ্গী। নির্বাচন এলে প্রার্থীরা সেতুর আশ্বাস দেন, কিন্তু পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না।”

একজন স্থানীয় স্কুলশিক্ষক জানান, সেতুর অভাবে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি কমে যাচ্ছে। বিশেষ করে বর্ষাকালে অনেক শিক্ষার্থী ঝুঁকি এড়াতে স্কুলে আসতে পারে না, যা শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এলাকাবাসী জানান, সাঁকোটি ভেঙে গেলে প্রতিবছর নিজস্ব অর্থায়নে তা মেরামত করে চলাচলের ব্যবস্থা করতে হয়। দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সেতু নির্মাণের বিষয়টি সংশ্ল্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।

Facebook Comments Box

Posted ২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া