জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 84 বার পঠিত
শ্রীপুর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। রবিবার বিকেলে শ্রীপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপারসহ থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্কের সেতুবন্ধন তৈরি করতেই এ ধরনের ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয়। তিনি বলেন, একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গড়তে হলে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের সম্পর্ক অপরিহার্য। তিনি শ্রীপুর মডেল থানার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এমপি ডাঃ বাচ্চু আরও বলেন, এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাই তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার। শ্রীপুরের প্রতিটি মানুষ যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, সেই লক্ষ্যে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্থানীয় জনগণের সমস্যা ও অভিযোগ সরাসরি শোনার এই সুযোগকে তিনি গণতান্ত্রিক শাসনব্যবস্থার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাঁদের সমস্যা ও অভিযোগ সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। পুলিশ সুপারসহ উপস্থিত কর্মকর্তারা অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এলাকাবাসী জানান, সংসদ সদস্য ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু সর্বদা এলাকার মানুষের পাশে থাকেন এবং যেকোনো উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে তাঁর সক্রিয় উপস্থিতি এলাকাবাসীকে অনুপ্রাণিত করে। তাঁর নেতৃত্বে শ্রীপুর অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে বলে তাঁরা মনে করেন।
Posted ৫:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah