অনলাইন ডেস্ক | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত
কয়রায় বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে অসহায়, দুঃস্থ ও অনগ্রসর প্রায় এক হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
১৫ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেদকাশি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষ অংশ নেন।
চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ক্যাম্পের নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ডা. তিতলী আবেদীন। এছাড়া চিকিৎসাসেবা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. অয়ালিউর রহমান, সার্জন লেফটেন্যান্ট রুবাইয়া রহমান ও সার্জন লেফটেন্যান্ট নাজমুল হক।
চিকিৎসা নিতে আসা আশরাফ হোসেন জানান, এখানকার চিকিৎসাসেবার মান অনেক ভালো। সেলিনা আক্তার বলেন, চিকিৎসকদের সঙ্গে খোলামেলা কথা বলতে পেরে তিনি সন্তুষ্ট এবং প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
দক্ষিণ বেদকাশি বিনাপানি গ্রামের অনিমা মণ্ডল জানান, প্রায় ৮ কিলোমিটার দূর থেকে তিনি চিকিৎসা নিতে এসেছেন। উন্নত পরিবেশে চিকিৎসা পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সেবাগ্রহীতারা জানান, প্রত্যন্ত অঞ্চলে যেখানে উন্নত চিকিৎসাসেবা পাওয়া কঠিন, সেখানে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
বাংলাদেশ নৌ-বাহিনীর মিডিয়া কর্মকর্তা ফারুক হোসেন জানান, অতীতেও বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে দুর্গম এলাকায় অসহায় মানুষের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৯:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah