সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত
ঢোলভাঙ্গা নদী দীর্ঘদিন ড্রেজিংয়ের অভাব, অবৈধ দখল ও লাগাতার দূষণের কারণে মৃতপ্রায় হয়ে পড়েছে। তিতাস নদী অববাহিকার গুরুত্বপূর্ণ এই নদী একসময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার অর্থনীতি, কৃষি ও নৌপরিবহনের প্রধান ভরসা ছিল। কিন্তু এখন নদীটির স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ হয়ে গিয়ে বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে।
শুষ্ক মৌসুমে নদীর অধিকাংশ স্থানে নৌকা চলাচলের মতো পানি থাকে না। ফলে নৌপথ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা বাধ্য হয়ে সড়কপথে বেশি খরচে মালামাল পরিবহন করছেন, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর।
পৌর এলাকার প্রধান বাজারগুলোর বর্জ্য নিয়মিত নদীতে ফেলার ফলে দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। তীব্র দুর্গন্ধে নদীর ওপর থাকা সংযোগ সেতু পার হওয়াও কষ্টকর হয়ে উঠেছে।
চকবাজারের ব্যবসায়ীরা জানান, আগে নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে চাল, ডাল, আটা-ময়দা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নৌপথে আসত। নদীটি নাব্যতা হারানোয় সেই সুবিধা এখন আর নেই। পানি সংকটের কারণে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল নদীর তীর দখল করে ভরাট করছে। পাশাপাশি প্রতাপগঞ্জ বাজারের মাংসপট্টি, পোলট্রি ও কাঁচাবাজারের রক্ত, বর্জ্য ও আবর্জনা সরাসরি নদীতে ফেলা হচ্ছে, যা দূষণ বাড়িয়ে জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
এ পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত নদী খনন, দখলমুক্ত করা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।
Posted ১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah