অনলাইন ডেস্ক | বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত কার্ডের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, এই ব্যবস্থার ফলে সাধারণ যানবাহনের চালকদের সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং আগামী দুই-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি।
আজ ২২ এপ্রিল বুধবার গাজীপুর ও ঢাকা জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস সংক্রান্ত বিষয়গুলো সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মুজিবুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।
Posted ৩:২২ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah