জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে স্বামীর মৃত্যুর পর অধিকার আদায়ে কবরের পাশে আশ্রয় নেওয়া এক নারীর দুই সন্তান অবশেষে জমি পাওয়ার আশ্বাস পেয়েছে। আজ শুক্রবার বিকেলে স্থানীয়ভাবে আয়োজিত গ্রাম্য সালিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিহত সুজন মাহমুদ (৩৮) ওই গ্রামের বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে। তার স্ত্রী সোনিয়া বেগম (৩২) দুই সন্তান—৯ বছরের মেয়ে ও দেড় বছরের ছেলেকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন। শ্বশুরবাড়িতে আশ্রয় না পেয়ে তিনি স্বামীর কবরের পাশে অবস্থান নেন, যা এলাকায় ব্যাপক আলোড়ন তোলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সচ্ছল পরিবার হওয়া সত্ত্বেও অসুস্থ সুজন মাহমুদের যথাযথ চিকিৎসা হয়নি বলে অভিযোগ রয়েছে। তার মৃত্যুর পর স্ত্রী সোনিয়া বেগমকে শ্বশুরবাড়িতে আশ্রয় দিতে অস্বীকৃতি জানানো হয়। এমনকি দাফনের সময়ও শ্বশুর কফিল উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ ওঠে।
স্বামীর মৃত্যু ও শোকের মধ্যেই সন্তানদের অধিকার আদায়ে লড়াই শুরু করেন সোনিয়া বেগম। নিরুপায় হয়ে তিনি কবরের পাশে অস্থায়ীভাবে আশ্রয় নেন। যদিও এলাকাবাসীর একটি অংশ জানায়, তিনি সার্বক্ষণিক সেখানে থাকতেন না; দিনের কিছু সময় অবস্থান করতেন।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিকেলে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সালিশে সিদ্ধান্ত হয়, সোনিয়া বেগমের দুই সন্তানের নামে ৬ শতাংশ জমি লিখে দেওয়া হবে। মধ্যপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছান উদ্দিন জানান, দ্রুত সময়ের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Posted ৫:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah