অনলাইন ডেস্ক | সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট | 62 বার পঠিত
মাদারীপুরের শিবচরে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্টে প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও বন্ধুর চেষ্টায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর তাকে নিরাপদে নিচে নামানো হয়।
রোববার সন্ধ্যার পর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ির পাশের একটি বৈদ্যুতিক টাওয়ারে এ ঘটনা ঘটে। হাসান শিকদার শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিকার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান টাওয়ারে উঠে পড়েন। সেখানে উঠে তিনি প্রেমিকাকে ফোন করে সম্পর্ক টিকিয়ে রাখতে বলেন এবং নিচে আসতে অনুরোধ জানান। অন্যথায় টাওয়ার থেকে লাফিয়ে আত্মহত্যার হুমকি দেন।
ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারে উঠে তাকে শান্ত করার চেষ্টা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরাও সেখানে যান।
দীর্ঘ সময় বোঝানোর পর রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর সহায়তায় হাসান নিচে নেমে আসেন। পরে পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।
ঘটনার সময় টাওয়ারের নিচে উৎসুক জনতার ভিড় জমে যায়।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে হাসানকে নিরাপদে নিচে নামানো হয়েছে।
Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah