জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট | 158 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ধসে গেছে একটি ব্রিজ সংলগ্ন সড়কের অংশ। এতে আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা।
আজ মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় গিয়ে দেখা যায়, ব্রিজের দুই পাশের সড়কের অংশ ভেঙে নিচে নেমে গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়দের দাবি, সোমবার (৪ মে) দিবাগত রাতে হঠাৎ করেই সড়কটির অংশ ধসে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ মকশ বিল এলাকায় ৫৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৫১৭ টাকা। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে প্রায় এক মাস আগে সেতুটি উদ্বোধন করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ের মধ্যে সড়ক ধসে পড়েছে। এতে নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
পথচারী ও যানবাহন চালকরা জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কালিয়াকৈর উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, অতিবৃষ্টির কারণে সড়কটির একটি অংশ ধসে পড়েছে। কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। ক্ষতিগ্রস্ত অংশ ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে পুনরায় সংস্কার করানো হবে।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah