আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত
গাজীপুরের বানিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও একটি এয়ারসফট পিস্তলসহ জাহিদ হাসান নামে এক কিশোর গ্যাং লিডারকে আটক করেছে র্যাব।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম।
র্যাব জানায়, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, অস্ত্রের মহড়া, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে বানিয়ারচালা এলাকায় অভিযান চালায় র্যাব-১-এর একটি দল। এ সময় জাহিদ হাসানের বসতবাড়ির শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তলসদৃশ একটি খেলনা এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
Posted ১:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah