বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ২

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত

গাজীপুরে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ২

সংগৃহীত ছবি

গাজীপুরের পশ্চিম জয়দেবপুর থেকে নিখোঁজ হওয়ার এক মাস পর সৌরভ আহমেদ (২০) নামে এক যুবকের কঙ্কালের অংশবিশেষ ও পরনের কাপড় মাদারীপুরের রাজৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. রবিউল ইসলাম ও মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট সৌরভ নিখোঁজ হওয়ার পর তাঁর মা মোছা. কাকলী বেগম গাজীপুর সদর থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে তদন্তে রহস্যজনক তথ্য পাওয়ার পর তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও পারিবারিক বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্ত শুরু করে পুলিশ।

মামলা দায়েরের পর সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত যৌথ দল মাদারীপুর ও সাতক্ষীরায় অভিযান চালায়। অভিযানে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজৈরের টেকেরহাট এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, রবিউল ইসলামের সঙ্গে সৌরভের বোন নূপুরের বিয়ে হয়েছিল। পরে নূপুর সৌরভের বন্ধু জাহাঙ্গীরের সঙ্গে চলে যাওয়াকে কেন্দ্র করে রবিউল ক্ষুব্ধ হন। এর জেরে প্রতিশোধ নিতে শাহিনসহ আরও দুজনকে নিয়ে সৌরভকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

তদন্তে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী গত ৩ আগস্ট সৌরভকে গাজীপুর থেকে মাদারীপুরের টেকেরহাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে হত্যা করে রাজৈর থানার হোসেনপুর ইউনিয়নের উত্তর বিদ্যানন্দি এলাকার একটি ডোবায় কচুরিপানার নিচে লাশ গুম করা হয়।

পরে গ্রেপ্তার দুই আসামির দেখানো মতে ওই স্থান থেকে সৌরভের কঙ্কালের অংশবিশেষ ও পরনের কাপড় উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে মোট চারজন জড়িত। গ্রেপ্তার রবিউল ইসলাম ও শাহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ২:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া