মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার, বড় দুর্ঘটনার শঙ্কা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

বিজয়নগরে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার, বড় দুর্ঘটনার শঙ্কা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিন ধরে ভাঙা একটি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন ও হাজারো মানুষ। ব্রিজের মাঝখানে বড় গর্ত তৈরি হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলার মির্জাপুর-সহদেবপুর সড়কের ব্রিজটি উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার পর্যন্ত যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। ব্রিজটি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। কিছুদিন আগে ভাঙা অংশে টিনের পাটাতন দিয়ে সাময়িকভাবে মেরামত করা হলেও বর্তমানে সেটি সরে গিয়ে মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন এবং পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন পাহাড়পুর ও ইছাপুরা ইউনিয়নের আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করেন। ফলে ব্যস্ত এ সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন ইট ও মালবোঝাই ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। পাহাড়পুর এলাকা থেকে বাঁশসহ বিভিন্ন পণ্য পরিবহনেও এ সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় যানবাহনের চাপ থাকে বেশি। এতে ক্ষতিগ্রস্ত ব্রিজটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে।

কলেজ শিক্ষার্থী সুমন ও আতিকুল বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে কলেজে যেতে হয়। ব্রিজটি ভাঙা থাকায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।

সিএনজি অটোরিকশাচালক কামরুল ইসলাম বলেন, ‘পেটের দায়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে গাড়ি চালাই। প্রায়ই গাড়ির চাকা ভাঙা অংশে আটকে যায়। এখানে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। দ্রুত ব্রিজটি সংস্কার করা না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

স্থানীয় যাতায়াতকারীরা দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ব্রিজটি পুনর্নির্মাণ এবং অতিরিক্ত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণেরও দাবি জানিয়েছেন তারা।

বিজয়নগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া বলেন, বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। প্রশাসনের পক্ষ থেকে আপাতত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নতুন ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

Posted ১১:০২ পূর্বাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া