নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
ফাইল ছবি
নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে বাপ-ছেলেসহ চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত খলিল মিয়া (৫৫) নবীনগর উপজেলার বড়িকান্দি পশ্চিমপাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে, খলিল মিয়ার ছেলে মো. আসিফ (২০), অলি মিয়া ও হাসিনা আক্তার। আহতদের মধ্যে আব্দুল খলিল মিয়া ও তার ছেলে আসিফকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকায় খলিল মিয়ার ভাতিজার বিয়ের অনুষ্ঠান ছিল। সকালের দিকে পূর্ব বিরোধ ও ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে মনেক মিয়া ও তার ছেলেদের সাথে অলি মিয়ার লোকজনের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মনেক মিয়ার লোকজনের পিস্তল ও বন্দুক নিয়ে হামলা চালায়। এতে খলিল মিয়া তার ছেলে আসিফ, তাদের স্বজন অলি মিয়া ও হাসিনা আক্তার আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে খলিল মিয়া ও তার ছেলে আসিফকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর আহত দু’জন অলি মিয়া ও হাসিনা আক্তারকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত খলিল মিয়ার ভাগ্নি শিউলি আক্তার বলেন, মামাকে বর্তমানে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে মামার চিকিৎসা চলছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি দেশীয় কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সোমবার সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে তাঁদেরকে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে আমরা জানিয়েছি।
Posted ৮:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah