নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত
আখাউড়ায় পুলিশের অভিযানে মোট ১৪ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী, অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারী-পুরুষ রয়েছে। এছাড়া ডেভিল হান্টের অভিযানে একজন ও সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার লাগানোর অভিযোগে আরো একজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দীন অভিযানের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদেরকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২ মার্চ) রাত নয়টার দিকে উপজেলার আমোদাবাদ থেকে দুই কেজি গাঁজাসহ আবুল কাশেম ও শামাল মিয়া নামে দু’জনকে গ্রেফতার করা হয়। রাত ১১টার দিকে পৌর এলাকার মসজিদ পাড়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ রাজন মিয়া গ্রেফতার হয়। পৃথক আরেক অভিযানে রাত সাড়ে ১২টার দিকে সড়ক বাজারের ভূঁইয়া রেস্ট হাউজ থেকে সাব্বির, রাফি, পলাশ ও জেসমিন নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে গ্রেফতারকৃতরা হলো, জামাল হোসেন, আখি, রাজু রহমান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ডালিম ও বাবুল মিয়া। অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ কামালকে। এছাড়া সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার লাগানো রাজীব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Posted ৫:৫১ অপরাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah