নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ মে ২০২৫ | প্রিন্ট | 166 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় লিচু গাছ থেকে পড়ে মো. জাকির হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ১৬ মে শুক্রবার দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত হাজী শিরু মোল্লার ছেলে। জানা গেছে, দুপুরে জাকির নিজের লিচু গাছে উঠে লিচু পারছিলেন। হঠাৎ গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই মনির মোল্লা বলেন, হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি সে গাছের ডাল ভেঙে নিচে পড়ে গেছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৪:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah