সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার এক কনটেন্ট ক্রিয়েটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোজাহিদ মিল্লাত (২৮) স্থানীয়ভাবে পরিচিত একজন কনটেন্ট নির্মাতা ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী তাবাসসুম আবিদা গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোজাহিদ নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মোজাহিদ সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বাসিন্দা। তিনি বাছির মিয়া ও ঝর্না বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড়। পারিবারিক সূত্র জানায়, তিনি স্ত্রীকে নিয়ে পর্যটক হিসেবে মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। দুর্ঘটনার সময় তারা একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন।
এ ঘটনায় অভিযোগ উঠেছে, গাড়িচালক একজন মালয়েশীয় সেনা কর্মকর্তা এবং তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ইতোমধ্যে মালয়েশিয়ার পুলিশ অভিযুক্ত ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
মোজাহিদের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছানোর পর থেকেই কালিকচ্ছ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। সন্তান হারিয়ে শোকে স্তব্ধ পরিবার।
নিহতের বাবা বাছির মিয়া বলেন, “কিছুদিন আগে নতুন বাড়িতে উঠেছি। আমার ছেলে মালয়েশিয়া থেকে ফিরে আসার কথা ছিল। এখন সে আর ফিরবে না—এটা মানতে পারছি না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানিয়েছেন, নিহতের পরিবার প্রশাসনের কাছে সহযোগিতা চাইলে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
Posted ৫:২১ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah