নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ মে ২০২৫ | প্রিন্ট | 144 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের দূর্গাপুর এলাকায় খেলার মাঠে ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার ২ মে বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দূর্গাপুর-টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মানববন্ধনে স্থানীয় কয়েকটি ক্রীড়া সংগঠনের সদস্যসহ কয়েক’শ ক্রীড়াপ্রেমী যুবক ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম স্বপন, সাবেক সেনা সার্জেন্ট সফিউল আরম স্বপন, মুফতি ইব্রাহীম বিন মান্নান, সমাজসেবক ছগির আহমেদ, ক্রীড়ানুরাগী মো. ইমন ভূঁইয়া, শরে বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর মিয়া, নবীন যুব সংগঠনের সভাপতি মো. আলম মিয়া ও প্রবাসী রায়হান।
বক্তারা বলেন, এই মাঠে প্রতিদিন শতাধিক শিশু-কিশোর খেলাধুলা করে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। হঠাৎ করে দেখতে পাচ্ছি মাঠ নষ্ট করে সরকারি ভূমি অফিস নির্মাণ কাজ শুরু হয়েছে। মাঠে ভূমি অফিস হলে মাঠ ছাত্র, যুবকরা খেলাধুলা করতে অসুবিধা হবে। বক্তারা খেলার মাঠে অফিস ভবন নির্মাণ না করে অন্য কোন স্থানে করার দাবী জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।
এই আন্দোলনে দূর্গাপুরের প্রবাসীরাও সোচ্চার ভূমিকা রাখছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠ রক্ষার দাবিতে সরব হয়েছেন।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, প্রায় ৫ বছর আগে গ্রামবাসীকে অবগত করে এখানে ভূমি অফিস নির্মাণের অনুমোদন করা হয়েছে। তখন কেউ কোনো লিখিত আপত্তি জানায়নি। আমার ধারণা, ভবনটি বাস্তবায়িত হলে মাঠের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন হবে না।
Posted ৫:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ০২ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah