সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 16 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি মাদকবাহী গাড়ি। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়িতে থাকা মাদক পাচারকারীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে কসবা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে উপজেলার সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের চেকপোস্ট দেখে একটি মাদকবাহী গাড়ি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিনাউটি ইউনিয়নের খিদিরপুর পাকা সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। পরে গাড়িতে থাকা মাদক পাচারকারীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে বিনাউটি ইউনিয়নের খিদিরপুর পাকা সড়কের পাশ থেকে দুর্ঘটনাকবলিত কালো রঙের টিআরএক্স গাড়িটি উদ্ধার করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৯ বস্তা গাঁজা পাওয়া যায়। এসব গাঁজার মোট ওজন ২৫২ কেজি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah