সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 112 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ দায়িত্ব গ্রহণের পরপরই উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছেন। আসন্ন ঈদকে সামনে রেখে জেলা ঈদগাহে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার কাজ শুরু করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় শহরের দক্ষিণ কালীবাড়ি মোড় এলাকায় এই সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ক্রীড়া সম্পাদক মাইনুল ইসলাম এবং আইন সম্পাদক অ্যাডভোকেট যাকারিয়া।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তিনি শহরের প্রধান ঈদের জামাতের স্থান কাজীপাড়া জেলা ঈদগাহ সংলগ্ন সড়কের অবস্থা পরিদর্শন করেন। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ঈদের আগেই সড়কটি সংস্কারের নির্দেশ দেন তিনি।
পরবর্তীতে জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগের মাধ্যমে মঙ্গলবার সকাল থেকে সংস্কার কাজ শুরু হয়। দক্ষিণ কালীবাড়ি মোড় থেকে দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ৮ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে দূরদূরান্ত থেকে মুসল্লিরা জেলা ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে আসেন। তাই জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঈদের আগেই কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Posted ৬:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah