সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে দোকানের জায়গা ও ব্যবসা পরিচালনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন— রফিকুল ইসলাম (৪৫), সাইদ মিয়া (৫০), আল আমিন (৪৫), ফারুকুল ইসলাম (৪৫) এবং সাব্বির মিয়া (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থলিয়ারা গ্রামের দুটি পক্ষের মধ্যে একটি দোকানের জায়গা দখল ও ব্যবসা পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah