খেলাধুলা ডেস্ক | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 196 বার পঠিত
চ্যাম্পিয়ন হওয়ার পর সাধারণত সেরার পুরস্কারটা পরিবারের কোনো সদস্যকে উৎসর্গ করেন অ্যাথলেটরা। পরিবারের বাইরে কখনো কখনো পুরস্কারটি কোচকে উৎসর্গ করতে দেখা যায়। কিন্তু কখনো কি শুনেছেন কোনো প্রাণীকে পুরস্কার উৎসর্গ করতে।
অবিশ্বাস্য হলেও সত্যি প্যারিস অলিম্পিকের সোনা জয়ী শ্যারন ফন রুভেনডাল এমনটাই করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ম্যারাথনে সোনা জিতে নিজের প্রিয় পোষা কুকুর ‘রিওকে’ উৎসর্গ করেছেন নেদারল্যান্ডের সাঁতারু। সিন নদীতে মেয়েদের ম্যারাথনে ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ডে সোনা জিতেছেন তিনি। প্রথম অ্যাথলেট হিসেবে ম্যারাথনে দুটি স্বর্ণ জিতেছেন ডাচ সাঁতারু। এর আগে ২০১৬ রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছেন তিনি।
প্যারিস অলিম্পিকে প্রিয় রিওর জন্যই লড়েছেন বলে পরে জানিয়েছেন রুভেনডাল। তিনি বলেছেন,‘এ বছরের শুরুটা দুর্দান্ত হয়েছিল। দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। কিন্তু গত মে মাসে আমার ছোট্ট কুকুরের মৃত্যু হয়। শোকে তিন সপ্তাহ সাঁতারের অনুশীলন করিনি। সে আমার ছোট্ট শিশু ছিল।’
তবে রুভেনডালের পিতা তাকে রিওর জন্য লড়াইয়ে নামতে বলেন। এরপর অনুশীলন শুরু করেন তিনি। সঙ্গে হাতে রিওর একটি উল্কি এঁকে নেন।
৩০ বছর বয়সী নারী ডাচ সাঁতারু বলেছেন,‘আমার বাবা বলল, আরেকবার সাঁতারে নামো, সবকিছু দিয়ে তার (রিও) জন্য লড়। রিওর কাজকর্ম শেষ হওয়ার তিন দিন পর একটা ট্যাটু এঁকে নিয়েছিলাম হাতে। আর নিজেকে বলি, আমার পুরো হৃদয় দিয়ে তার জন্য আমি সাঁতারে লড়াই করব। আমি পেরেছি এবং তার জন্যই সোনা জিতেছি।’
Posted ৩:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah