সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 316 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে শ্বশুরবাড়ির বাথরুম থেকে পোড়া অবস্থায় সীমী রানী দাস (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সীমীর স্বামী রঞ্জন বিশ্বাস ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, আজ ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় সীমীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। তবে, সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।
সীমী দাস হবিগঞ্জ জেলার রানু শীলের মেয়ে। আট বছর আগে তার বিয়ে হয় রঞ্জন বিশ্বাসের সঙ্গে। তাদের একটি সাত বছরের ছেলে রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সীমীর শাশুড়ি সুনীতি বিশ্বাস অন্যের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। স্বামীও বাড়ি থেকে বের ছিলেন। এসময় প্রতিবেশীরা আগুনে পোড়ার গন্ধ পেয়ে বাড়িতে যান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাথরুমে ঢুকে সীমীকে পড়ে থাকতে দেখে। তার পোড়া শরীর থেকে ধোঁয়া বের হচ্ছিল, পরে পানি দেওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
নিহতের চাচাতো ভাই বিজয় দাস বলেন, তারা দ্রুত ঘটনাস্থলে এসেছেন, কিন্তু কীভাবে ঘটনা ঘটেছে তা জানেননি। তিনি দোষীদের আইনের আওতায় আনারও দাবি করেন।
শাহবাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক বলেন, পরিবারের মধ্যে কোনো বিরোধের খবর নেই। তিনি বলেন, বিষয়টি রহস্যজনক, পুলিশ স্বামীকে আটক করে তদন্ত করবে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার জানান, এটি হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত নয়। তদন্ত চলমান রয়েছে এবং স্বামীকে আটক করার চেষ্টা চলছে।
Posted ১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah