জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 79 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছেন স্বামী সাইদুর রহমান। রোববার রাত দুইটার দিকে উপজেলার বেড়াইদের চালা গ্রামের গড়গড়িয়া মাষ্টার বাড়ি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নাছিমা নেত্রকোণার পূর্বধলা থানার খইলশাপুর বন পাড়া গ্রামের মৃত আ. মান্নানের মেয়ে। তিনি ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঘাতক সাইদুর রহমান শেরপুর জেলার ফুলপুর থানার গিদ্দাপাড়া গ্রামের বাসিন্দা। তাদের সংসারে সামিয়া (১০) নামের এক মেয়ে ও জিসান (৪) নামের এক ছেলে রয়েছে।
নিহতের ভাবি নারগিছ জানান, সাইদুর দীর্ঘদিন ধরে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ নির্যাতন সইতে না পেরে প্রায় ছয় মাস আগে নাছিমা সন্তানদের নিয়ে শ্রীপুরের ওই ভাড়া বাসায় চলে আসেন এবং একটি কারখানায় কাজ শুরু করেন। তবে এক মাস আগে সাইদুর স্ত্রীর সন্ধান পেয়ে সেখানেও চলে আসে।
ঘটনার দিন রাতে খাবার খেয়ে নাছিমা স্বামী ও সন্তানদের নিয়ে ঘুমাতে যান। রাত দেড়টার দিকে চিৎকার শুনে নারগিছ ছুটে এসে দেখেন নাছিমা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পাশে তার দুই সন্তান চিৎকার করছিল। সাইদুর স্ত্রীর বুকে ও পাজরে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন আহত নাছিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১২:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah