সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট | 219 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে মীমাংসা সভায় ক্ষোভের জেরে অভিযুক্তের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
জানা গেছে, গত ২ মে শনিবার বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার শাহবাজপুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিঘীর পূর্বপাড়া এলাকার বাসিন্দা জুবায়েদ (২৫), পিতা ফজল হক, একটি নম্বরবিহীন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দিঘীর পশ্চিমপাড় এলাকার মারিয়া (৫), পিতা দিলবাহারকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে তার মৃত্যু হয়।
শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
ঘটনার জের ধরে সোমবার (৪ মে) বিকেলে বিষয়টি মীমাংসার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড মেম্বার জামাল, সাবেক চেয়ারম্যান রাজ্জি, আমান মুন্সি, ঠিকাদার মনির, জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বৈঠকে অভিযুক্ত জুবায়েদের পক্ষ থেকে নিহত শিশুর পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে নিহতের পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
বৈঠকের একপর্যায়ে অভিযুক্ত পক্ষের একজনের উসকানিমূলক বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্তের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, দুর্ঘটনার বিষয়ে কেউ থানায় জানায়নি এবং কোনো অভিযোগও পাওয়া যায়নি। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, স্থানীয় লোকজনের মাধ্যমে মীমাংসা করে মরদেহ দাফন করা হয়েছে।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah