সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ২১ জুন ২০২৬ | প্রিন্ট | 86 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টারের ওপর হামলা ও সরকারি সম্পদ ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রোববার (২১ জুন) সকালে কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন মিয়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা বহনকারী এক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়কে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুমন মিয়া কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সফিকুল রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় স্টেশন অফিসের টেলিফোন সেট, সিগন্যালিং-সংক্রান্ত যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ভাঙচুর করা হয়। ঘটনার পর স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। আহত স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ৫:১৯ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah