নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 144 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় তিতাস নদীর উপর নির্মিত ৪টি অবৈধ বাঁধ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে। আজ ২২ মার্চ শনিবার দুপুরে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে ভেকু দিয়ে এসব বাঁধ ভেঙ্গে পানি চলাচল স্বাভাবিক করেছে। এতে স্থানীয় প্রভাবশালী চক্রের মাটি লুটেও বাঁধা পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন এলাকায় আওয়ামী লীগ সরকার আমলে দলীয় লোকজন প্রকাশ্যে কোটি কোটি টাকার বালু ও মাটি লুটপাট করে। তাদের পতনে কিছুদিন এসব লুটপাট বন্ধ থাকার পর হাত বদল হয়ে নতুন একটি প্রভাবশালী চক্র মেতে উঠে মাটি লুটের মহোৎসবে। উপজেলার বনগজ এলাকার জমি থেকে মাটি লুটের জন্য তিতাস নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে ৪টি অবৈধ বাঁধ নির্মান করে।
উপজেলা প্রশাসন জানায়, ধরখার এলাকায় অবৈধ ভাবে মাটি কাটারোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। জড়িত কয়েকজনকে অর্থদণ্ড করা হয়েছে। বনগজ এলাকায় তিতাস নদীর উপর নির্মিত তিনটি ছোট ও একটি বড় বাঁধ বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে ভেঙ্গে গুঁড়িয়ে দিযেছে। এতে নদীর পানির স্বাভাবিক গতি ফিরেছে। বাঁধ ব্যবহার করে জমি থেকে মাটি কাটা রোধ হয়েছে বলেও প্রশাসন জানায়। উপজেলা প্রশাসন আরো জানায়, অবৈধ ভাবে মাটি কাটা ও বাঁধ নির্মানে জড়িতের বিরুদ্ধে আখাউড়া থানায় দুইটি মামলা হয়েছে। উপজেলার তন্তর ইউনিয়ন ভুমি কর্মকর্তা আশুতোষ ও পানি উন্নয়ন বোর্ডেও সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান, অবৈধ ভাবে মাটি কাটা রোধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। কেউ রক্ষা পাবেনা। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে বলেও তিনি জানান।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah