নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ মে ২০২৫ | প্রিন্ট | 200 বার পঠিত
রাহেলা বেগম (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী ওয়াজেদ মিয়া (৫০) ও শাশুড়ি ডলি বেগমকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের ২৬ মে সোমবার আতালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
নবীনগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার সলিমাবাদ ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের ওয়াজেদ মিয়ার স্ত্রী ৫ সন্তানের জননী রাহেলা বেগমের লাশ শনিবার রাতে বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে পুলিশ উদ্ধার করে। ঘটনার পর এলাকায় গুঞ্জন ওঠে, স্বামী ও শাশুড়ি পারিবারিক কলহের জের ধরে রাহেলাকে হত্যা করে পাশের জমিতে ফেলে রাখে।
এ বিষয়ে নিহত রাহেলার ছোট ভাই সিএনজিচালিত অটোরিকশার চালক দানেছ মিয়া ঘটনার পর বলেছিলেন, আমার ভাগ্নে ৩ বছর আগে প্রেম করে বিয়ে করার পর থেকেই ওই সংসারে কলহ শুরু হয়। এরপর একপর্যায়ে ভাগ্নেকে বাড়ি থেকে দুলাভাই (ওয়াজেদ) বের করে দেওয়ার পর দুলাভাই ও দুলাভাইয়ের মা প্রায়ই আপাকে মারধর করতেন। আমরা নিশ্চিত, দুলাভাই ও তার মা রাহেলা আপাকে পরিকল্পিতভাবে মেরে জমিতে লাশ ফেলে রেখে আসে। কারণ, আপার লাশের মুখ ও চোখে মারধরের চিহ্ন ছিল।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী সোমবার রাতে বলেন, এ ঘটনায় নিহতের ভাই দানেছ মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পুলিশ এ মামলায় নিহতের স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত চলছে।
Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah