সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি দল সোহাগপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৬৪৬৯ নম্বরের একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। পরে সিএনজির ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা ১ লাখ ৪৪ হাজার শলাকা PATRON ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
এ সময় সিগারেটের চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—নরসিংদীর শিবপুর উপজেলার বংশীদিয়া গ্রামের হাবিব মিয়ার ছেলে হিমেল মিয়া, পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত জাকির হোসেন গাজীর ছেলে রাইসুল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে আব্দুল আওয়াল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা সিগারেট ও সিএনজি অটোরিকশা বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
Posted ২:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah