জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিনা আক্তার (৩০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। তার স্বামী আল আমিনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা দুজনই একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকেলে ময়মনসিংহগামী একটি কমিউটার ট্রেনের নিচে দুজন ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রেললাইনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, ট্রেনের ধাক্কায় মরদেহের বিভিন্ন অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
নিহত রিনার স্বজনদের দাবি, প্রায় চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেন। পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্বজনরা আরও জানান, সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Posted ৬:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah