আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া (২৫) নওগাঁ জেলার বাসিন্দা। তিনি পরিবারসহ কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২ থেকে ৩ জন ব্যক্তি যাত্রীবেশে সুমনের অটোরিকশা ভাড়া নেন। পরে তারা কালামপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায়।
সুমনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে এলে দুর্বৃত্তরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত হিসেবে অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah