বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজের সেঞ্চুরিতে লড়াকু বাংলাদেশ, দিন শেষে স্বস্তিতে টাইগাররা

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

মিরাজের সেঞ্চুরিতে লড়াকু বাংলাদেশ, দিন শেষে স্বস্তিতে টাইগাররা

অস্ট্রেলিয়া সফরের একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটি রাঙিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরি হাঁকানোর পর নতুন বলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জোড়া আঘাতে দিন শেষে স্বস্তির অবস্থানে রয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই শূন্য রানে ফিরে যান ওপেনার তানজিদ হাসান। এরপর সাদমান ইসলাম (৩১), মুমিনুল হক (১৬) ও মুশফিকুর রহিম (০) দ্রুত বিদায় নিলে মাত্র ৬১ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৩ বলে ৩৭ রানের দায়িত্বশীল ইনিংস খেললেও দলকে বড় সংগ্রহের পথে নিতে পারেননি। তার বিদায়ের পর ১১০ রানেই ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস বড় বিপদের মুখে পড়ে।

এমন পরিস্থিতিতে একাই হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে ধৈর্যের সঙ্গে ইনিংস গড়ে তোলার পর সুযোগ বুঝে আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। সৌম্য সরকারের সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে দলের চাপ কিছুটা কাটিয়ে ওঠেন। সৌম্য ১৬ রান করে আউট হলেও মিরাজ নিজের দায়িত্ব পালন করে যান।

এরপর তাইজুল ইসলাম ও খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে লেজের সারির ব্যাটারদের নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন এই অলরাউন্ডার। বিশেষ করে শেষ উইকেটে খালেদ আহমেদের সঙ্গে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি বাংলাদেশের সংগ্রহকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যায়। খালেদ ২৮ বলে ১৫ রান করেন।

মিরাজ ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। দায়িত্বশীল এই ইনিংসের সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে সংগ্রহ করে ২৬৩ রান।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে অফস্পিনার কোরি ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ২৪ ওভারে ৮৩ রান দিয়ে ৬ উইকেট নেন। এছাড়া হ্যানো জ্যাকবস, ক্যাম্পবেল থম্পসন, জেভিয়ার ক্রোন ও জের্সিস ওয়াদিয়া একটি করে উইকেট শিকার করেন।

২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে বাংলাদেশের পেস আক্রমণ। ইনিংসের প্রথম ওভারেই হাসান মাহমুদ ১ রানে ফেরান স্যাম কনস্টাসকে। এরপর নিজের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ ক্যাম্পবেল কেলাওয়েকে শূন্য রানে বোল্ড করে স্বাগতিকদের স্কোর ১ রানে ২ উইকেটে নামিয়ে আনেন।

তবে শুরুর ধাক্কা সামলে অধিনায়ক কার্টিস প্যাটারসন ও জশ ফিলিপ তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন। দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। প্যাটারসন ২৭ বলে ২৬ এবং ফিলিপ ৩৬ বলে ২২ রানে অপরাজিত আছেন।

প্রথম দিনের খেলা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের তুলনায় তারা এখনও ২১২ রানে পিছিয়ে রয়েছে।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট নিয়ে সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন। তাসকিন আহমেদও একটি উইকেট শিকার করেন। খালেদ আহমেদ ও এবাদত হোসেন উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।

Facebook Comments Box

Posted ১২:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া