জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
আজ বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এ ঐতিহাসিক ঘটনার স্মরণে সারাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। উপলক্ষে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটিও।
দিবসটি ঘিরে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার বাণীতে বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, তাদের পরিবারের কল্যাণ, চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি জাতীয় ঐক্য অটুট রাখার পাশাপাশি ভবিষ্যতে স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। রাজধানীসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সাজানো হয়েছে।
সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এছাড়া বেলা ১১টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে দিবসটি উপলক্ষে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। দিনব্যাপী আলোচনা সভা, সমাবেশ, স্মরণসভাসহ নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah