সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকার ফ্লাইওভারে প্রাইভেটকার, মোটরসাইকেল, অটোরিকশা ও একটি রিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয়জন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে মৌড়াইল এলাকার ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী মীর জসিম উদ্দিন, তার স্ত্রী সালেহা বেগম ও মা কামরুননেছা, মোটরসাইকেলচালক মাইনুল ইসলাম, রিকশাচালক রাসেল এবং অটোরিকশাচালক সুমন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহর থেকে কাউতলিমুখী একটি প্রাইভেটকার অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর একটি রিকশাও দুর্ঘটনাকবলিত যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এতে চারটি যানবাহনের ছয় আরোহী আহত হন।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৩:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah