সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট | 98 বার পঠিত
জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় দালালদের দৌরাত্ম্য বন্ধসহ জেলা শহরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান যাচাইয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১ মার্চ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নানা অনিয়মের অভিযোগে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে শহরের কুমারশীল মোড় ও লোকনাথ দিঘীরপাড় এলাকার বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়।
এ সময় এক্স-রে টেকনোলজিস্ট ছাড়া রোগীদের এক্স-রে করা, সেবার মূল্য তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাস্থানে না টানানো এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, আয়াত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার এবং নাজ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল কর্তৃপক্ষকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে অভিযান অব্যাহত থাকবে। চারটি প্রতিষ্ঠানকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে।
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah