মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   90 বার পঠিত

আসামে সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসাম রাজ্যের পাহাড়ি জেলা কার্বি আংলংয়ে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নিয়মিত প্রশিক্ষণ মিশন চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৬ মার্চ) ভারতীয় বিমানবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত দুই সামরিক কর্মকর্তা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।

বিমানবাহিনী সূত্রে জানা গেছে, রাশিয়ার নকশায় তৈরি শক্তিশালী এই যুদ্ধবিমানটি আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায় এবং নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে যোরহাট ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার গহীন বনাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে শেষ যোগাযোগ হয়েছিল বলে জানানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত দুই পাইলটের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইএএফ জানায়, বাহিনীর প্রতিটি সদস্য এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাহিনী আরও জানিয়েছে, এই কঠিন সময়ে আইএএফ পরিবার তাদের পাশে থাকবে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই যোরহাট ঘাঁটি থেকে উদ্ধারকারী দল ও হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়। পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনায় কিছুটা বেগ পেতে হয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করা হয়েছে। নিহত দুই পাইলটের মরদেহ ময়নাতদন্ত ও সামরিক আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সুখোই সু–৩০ এমকেআই একটি দুই আসনবিশিষ্ট, বহুমুখী ও দীর্ঘপাল্লার শক্তিশালী যুদ্ধবিমান। রাশিয়ার সুখোই কর্পোরেশন এটি তৈরি করলেও বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে দেশীয় প্রযুক্তিতে এটি উৎপাদন করছে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে ২৬০টিরও বেশি সু–৩০ এমকেআই যুদ্ধবিমান সক্রিয় রয়েছে।

Facebook Comments Box

Posted ১:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া