সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 144 বার পঠিত
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়, শাহবাজপুর ও চান্দুরা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
এ সময় খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি অবৈধ পার্কিংয়ের দায়ে দূরপাল্লার ৮টি বাসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং মহাসড়কে চলাচলরত অবৈধ ৩০টি থ্রি-হুইলারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় দূরপাল্লার যানবাহন ও ছোট পরিবহন শ্রমিকদের মহাসড়কে অবৈধ পার্কিং না করা এবং যানজট সৃষ্টি না করতে সচেতন করা হয়। শ্রমিকরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় যানজট সৃষ্টি না করার বিষয়ে হাইওয়ে পুলিশের কাছে আশ্বাস দেন।
হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং ঢাকা–সিলেট মহাসড়ক যানজটমুক্ত ও নিরাপদ থাকে, সে লক্ষ্যেই অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ পার্কিং বন্ধ এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah