অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 204 বার পঠিত
ভারতের অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় যাত্রীবাহী বাস ও একটি টিপার লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। আজ ২৬ মার্চ বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৮ জন বলা হলেও পরে তা বেড়ে ১৩ জনে পৌঁছায়। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মার্কাপুরমের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগার্জু বলেন, আগুনে অন্তত ৮ জন ঘটনাস্থলেই পুড়ে মারা যান। এখন পর্যন্ত প্রায় ১৮ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর একটি বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। সকাল প্রায় ৬টার দিকে একটি টিপার লরির সঙ্গে সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। এতে কয়েকজন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।
জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আহত প্রায় ২০ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
Posted ৫:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah