সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ২৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 184 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নান করতে এসে তিতাস নদীতে ডুবে নিখোঁজ হওয়া অর্পনা সূত্রধরের (১১) মরদেহ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে জেলার গোকর্ণঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অর্পনা সূত্রধর জেলা শহরের কলেজপাড়া ডিসি-এসপি রোড এলাকার অমৃত সূত্রধরের মেয়ে।
জানা যায়, ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর থেকে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হচ্ছিল। এতে অসংখ্য মানুষ অংশ নেন। এ সময় সকালে বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নানে এসে অর্পনা নদীতে ডুবে নিখোঁজ হয়।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে কিশোরগঞ্জের ভৈরব থেকে আসা ডুবুরি দলও অভিযান চালিয়ে ব্যর্থ হয়। একপর্যায়ে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
পরবর্তীতে শনিবার সকালে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীর পাড়ে জেলেরা অর্পনার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিখোঁজের দুই দিন পর স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah