সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত
মসজিদুল আকসা ধ্বংসের ষড়যন্ত্র ও ফিলিস্তিনে চলমান সহিংসতা-হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র, ওলামা ও সর্বস্তরের জনতার ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, পবিত্র মসজিদুল আকসা মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। এ স্থাপনার ওপর কোনো ধরনের আগ্রাসন বা ধ্বংসচেষ্টা বিশ্ব মুসলিমের জন্য গভীর বেদনার ও উদ্বেগের বিষয়। তারা অবিলম্বে এসব চক্রান্ত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর নির্বিচারে হামলা ও হত্যাকাণ্ড মানবতার চরম লঙ্ঘন। শিশু, নারী ও বেসামরিক মানুষের জীবনরক্ষায় বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান তারা। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বসহ সকল শান্তিপ্রিয় মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে মুফতি আব্দুল্লাহ কাফির পরিচালনায় বক্তব্য রাখেন হাফেজ আবুল হাসান, মাওলানা নুরুল আমিন, এইচএম সৈয়দ কাসেম, মাওলানা ইসহাক আল মামুন, মুফতি আমিন বিন আব্দুল খালেক, নাসির উদ্দিন আহমেদ, মোহাম্মদ সরোয়ার হোসেন, ইয়াসিন রাজু, এ কে এম জসিম উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, মোহাম্মদ সুলতান নাইম, রাশেদুল ইসলাম মুন্না, আরিফ বিল্লাহ আজিজী, মোঃ সাবের হোসেন, আবু বকর মোহাম্মদ আইমান, মাওলানা আহমাদুল্লাহ খান জুবায়ের প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শ্লোগান দেন। কর্মসূচি থেকে দ্রুত সহিংসতা বন্ধ ও মসজিদুল আকসার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah