সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নে গ্রামীণ সড়কে নির্মিত নতুন একটি সেতুর উদ্বোধন করা হয়েছে।
আজ ১১ এপ্রিল শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
গ্রামীণ সড়কে সেতু-কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। দাড়িয়াপুর থেকে বড়হরণ বাজার সড়কে পিয়ারাপুল রেললাইনের পার্শ্ববর্তী খালের ওপর এই সেতু নির্মিত হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে এমপি শ্যামল বলেন, অতীতে অনেক উন্নয়ন কাজ নিম্নমানের হওয়ায় অল্প সময়ের মধ্যেই পুনরায় সংস্কারের প্রয়োজন হয়েছে। তিনি উন্নয়ন কাজে মান বজায় রাখা ও সঠিক তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, একই কাজ বারবার করতে হলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়, তাই সঠিকভাবে কাজ সম্পন্ন হয়েছে কি না তা নজরদারি করা সবার দায়িত্ব।
গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ.বি.এম. মমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন এবং জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা।
এছাড়াও জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার, নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক তারেক, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ আলী মুরাদ ও হেফাজতের সহ-সভাপতি মাওলানা সোলাইমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি এনামুল হাসান শহিদবাড়িয়া।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah