সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়া এলাকায় সালিস বৈঠক চলাকালে একটি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হুমায়ূন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, তূর্য দাস (১৩) ও আঁখি (১৯)। গুরুতর আহত অবস্থায় আহসান উল্লাহ হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের শেষ দিকে পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পড়ে সুব্রত দাস নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের স্বজনদের নিয়ে সালিস বৈঠক বসে। বৈঠক চলাকালেই বিদ্যালয় ভবনের ছাদের ওপর থাকা প্রায় ১০ ইঞ্চি পুরু একটি দেয়াল ধসে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন জানান, দেয়ালটি উত্তর-পূর্ব দিকে ধসে পড়ে এবং এতে তিনজন চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah